বিজ্ঞাপন

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৮ জনের

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন। রোববার (৭ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জনের দেশে ফেরার কথা রয়েছে। এর ফলে চলতি বছরের হজযাত্রীদের অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন।

হজ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বাকি হাজিরাও দেশে ফিরবেন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হজযাত্রী। স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হাজি।

দেশে ফিরে অনেক হাজি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে তাদের হজ–অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বিশেষ করে হজযাত্রীদের নিরাপত্তা, পরিবহন, আবাসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন অনেকে।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করে ফেরা হাজিদের অনেকেই এ ব্যবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করলে বিভিন্ন ধরনের সেবা ও সমন্বয় সহজে পাওয়া যায়। এ কারণে ভবিষ্যতে হজে যেতে আগ্রহীদের সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের পরামর্শও দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন