মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুর রবকে অনৈতিক ও নীতিবিবর্জিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা মানিকগঞ্জ জেলা বিএনপি।
রবিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আফরোজা খানম রিতা এ নির্দেশনা প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, মো. আব্দুর রব বালিয়াটি ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক ও নীতিবিবর্জিত কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটি প্রেরণ করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩ জুন জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় দায়ের করা একটি মামলায় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ও বালিয়াটি ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুর রব এবং তার ছেলে সাকিবকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ। মামলায় মারধর, বাড়িতে হামলা, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। ওই ঘটনায় আব্দুর রবসহ তার পরিবারের পাঁচ সদস্যকে আসামি করা হয়।
পড়ুন- আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট


