রাশিয়ার মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আজ সোমবার (৮ জুন) দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ঢাকাস্থ রুশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নির্ধারিত বৈঠকে উভয় পক্ষ রাশিয়া-বাংলাদেশ সহযোগিতার বর্তমান অবস্থা ও সম্ভাবনা, সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, সের্গেই ল্যাভরভের ঢাকা সফরের সময়। বর্তমান পদে এটি খলিলুর রহমানের প্রথম রাশিয়া সফর।
দক্ষিণ এশিয়ায় ঢাকা ও মস্কো দীর্ঘদিনের অংশীদার। ১৯৭২ সালে রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম ছিল এবং সে সময় বাংলাদেশকে উল্লেখযোগ্য রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছিল।
১৯৭২ থেকে ১৯৭৪ সালের মধ্যে সোভিয়েত নৌবাহিনী বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রাম এবং এর জলসীমা মাইন ও ডুবে যাওয়া জাহাজমুক্ত করতে কাজ করেছিল।
ঢাকাস্থ রুশ দূতাবাস আরও জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বিশেষে দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। উচ্চপর্যায়ের যোগাযোগও অব্যাহত রয়েছে।
এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সংসদ পুনরায় চালু হওয়ার প্রেক্ষাপটে দুই দেশের সর্বোচ্চ আইনসভার মধ্যেও যোগাযোগের পরিকল্পনা রয়েছে। এছাড়া জাতিসংঘ, এর বিশেষায়িত সংস্থা এবং অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যেও গঠনমূলক সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে।
পড়ুন: ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা
আর/


