সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কের উভয়পাশে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং এতে প্রায় দুই শতাধিক স্থাপনা অপসারণ করা হবে।
সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, আমাদের প্রধান লক্ষ্য সিরাজগঞ্জকে একটি আধুনিক ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সরকার প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। তবে ক্ষতিপূরণ দেওয়ার পরও প্রায় আট বছর ধরে অধিগ্রহণকৃত জমির দখল পুরোপুরি বুঝে নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দখলমুক্ত করার উদ্যোগ জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, গণমাধ্যমে প্রচার, নোটিশ প্রদান এবং মাইকিংসহ বিভিন্নভাবে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। নির্ধারিত সময় পার হওয়ার পরও যারা তাদের অস্থায়ী ও স্থায়ী স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনাগুলো আজ উচ্ছেদ করা হচ্ছে।
সওজ সূত্রে জানা যায়, নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটাওয়াপাড়া এলাকা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। পূর্বে গণবিজ্ঞপ্তির মাধ্যমে দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা পালন না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পড়ুন:পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


