গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে প্রকাশ্যে নানা ধরনের যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি ও তদারকি চোখে পড়ে না। ফলে যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষ করে চন্দ্রা ত্রিমোড়, সফিপুর, মৌচাক ও গোড়াই এলাকায় প্রতিদিনই যাত্রীবাহী বাস, ট্রাক, লেগুনা, পিকআপ, মাহেন্দ্র ও অন্যান্য যানবাহনের মধ্যে অনেকগুলোকে দৃশ্যত ত্রুটিপূর্ণ অবস্থায় চলাচল করতে দেখা যায়।
অভিযোগ রয়েছে, কিছু যানবাহনের হেডলাইট, ব্রেক, ইন্ডিকেটর, হর্নসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অকার্যকর থাকলেও সেগুলো নিয়মিত মহাসড়কে চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে চলাচলকারী বেশ কয়েকটি যানবাহনের বডি ক্ষতিগ্রস্ত, টায়ার জীর্ণ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি স্পষ্টভাবে দৃশ্যমান। এছাড়া কিছু যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়, যা পরিবেশ দূষণের পাশাপাশি সড়ক নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ যানবাহনের চালকরা নির্বিঘ্নে চলাচল করছেন। তাদের দাবি, নিয়মিত ও কঠোর তদারকি থাকলে এ ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনের সংখ্যা অনেকটাই কমে আসত।
চন্দ্রা এলাকার বাসিন্দা মো. আব্দুল হালিম বলেন, “প্রতিদিনই ত্রুটিপূর্ণ গাড়ি মহাসড়কে চলতে দেখি। অনেক গাড়ির অবস্থা এতটাই খারাপ যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এসব বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা খুব একটা দেখা যায় না।”
পথচারী রফিকুল ইসলাম বলেন, “অনেক গাড়ির লাইট নেই, ব্রেক ঠিকমতো কাজ করে না, আবার অনেক যানবাহন থেকে অতিরিক্ত ধোঁয়া বের হয়। তারপরও সেগুলো অবাধে চলাচল করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে দেখা উচিত।”
নাম্বারবিহীন একটি যানবাহনের চালক মোবারক হোসেন অভিযোগ করে বলেন, “ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই আমরা চলাচল করি।”
যাত্রী সোহেল জানান, “লস্কর-ঝক্কর মার্কা অনেক যানবাহন মাঝেমধ্যেই রাস্তায় বিকল হয়ে পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন, গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।”
স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট কয়েকজন জানান, কিছু অসাধু মালিক ও চালক প্রয়োজনীয় মেরামত ছাড়াই যানবাহন সড়কে নামিয়ে দেন। নিয়মিত ফিটনেস পরীক্ষা, যান্ত্রিক ত্রুটি যাচাই কঠোর মনিটরিং নিশ্চিত করা হলে ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ বিষয়ে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই খালেক উজ্জামান বলেন, “ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো যানবাহনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে চলাচলের অভিযোগ করে থাকেন, তবে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা, নিয়মিত ফিটনেস যাচাই এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি।
পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


