বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং স্বাস্থ্যখাতের সামগ্রিক শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সঙ্গে তাদের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১টার পর সকল একাডেমিক কার্যক্রমে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এবং চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ ও তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র ও ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসকদের দীর্ঘদিনের বিভিন্ন যৌক্তিক দাবি উপেক্ষিত হয়ে আসছে। স্বাস্থ্যখাতে বৈষম্যমূলক সিদ্ধান্ত এবং পেশাগত নিরাপত্তাহীনতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করা, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করা, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করা।
এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের জন্য ৫০ হাজার টাকা ভাতা নির্ধারণ এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবিও জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ৯ জুন থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১১টার পর সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
পড়ুন : মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, যুবক গ্রেপ্তার


