সিরাজগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করায় থানায় মামলা করছে শিশুটির পরিবার। সোমবার (৮ জুন) বিকালে রায়গঞ্জ পৌরসভার পূর্বলক্ষীকোলা গ্রামের এ ঘটনাটি ঘটে। পরে রাত ৮টা দিকে শিশুটির মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি থানার নজরে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগটি মামলা হিসাবে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলা সূত্রে জানা যায়, বিকালে রায়গঞ্জ পৌরসভার পূর্বলক্ষীকোলা গ্রামের বাসিন্দা হযরত আলী (৪৫) দুই শিশুকে বিড়ি কিনে আনার জন্য ৩০ টাকা দেন। পরে শিশুরা স্থানীয় একটি দোকান থেকে ২৫ টাকার বিড়ি ও ৫ টাকার ফুচকা কিনে তার বাড়িতে পৌঁছে দেয়।
বাড়িতে পৌঁছালে হযরত আলী শিশুদের ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি ৭ বছর বয়সী শিশুটিকে বিছানায় শুইয়ে তার পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তিনি তাকে ছেড়ে দেন। পরে দুই শিশুকে ২০ টাকা করে দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেয়।
শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানালে বিষয়টি পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। পরে পরিবারের সাথে আলোচনা করে শিশুটির মা রায়গঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ ব্যাপার অভিযুক্ত হযরত আলী সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। পাশাপাশি ব্যবহৃত মোবাইল ফোন নম্বরগুলোও বন্ধ থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন : সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৭ লক্ষ টাকা ছিনতাই


