বিজ্ঞাপন

গ্রামীণ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে নেত্রকোনায় বিশেষ আয়োজন

‘মাতৃস্বাস্থ্যের সমতা, বাদ যাবে না কোন মা’- সময়োপযোগী এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। এ উপলক্ষে সোমবার (৮ জুন) নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

গ্রাম পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং কৈশোর-বান্ধব সেবা কেন্দ্রগুলোর বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ হেলথ ওয়াচ এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির কোহিনূর বেগমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম সাধারণ মানুষকে বাইরের ক্লিনিকের ওপর নির্ভরশীল না হয়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে বিনামূল্যে ও নিরাপদে চিকিৎসাসেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, সরকারি পর্যায়ে মাতৃস্বাস্থ্য রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, যা সম্পর্কে প্রান্তিক পর্যায়ের মানুষকে আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর ও পরামর্শ পর্ব। এতে উপস্থিত সাধারণ মানুষ ও রোগীদের নানা প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আরিফুর রহমান এবং স্বাস্থ্য সহকারী মনিরা হোসেন। এ সময় স্বাস্থ্য ক্যাম্পে সেবা নিতে আসা নারীরা মাতৃসদনের চিকিৎসা নিতে গিয়ে তাদের নানা জটিলতা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় বেসরকারি ক্লিনিকগুলোতে অপ্রয়োজনীয় সিজারিয়ান (সি-সেকশন) অপারেশনের ভয়াবহতা এবং এর ফলে প্রসূতি মায়ের শারীরিক ও আর্থিক ক্ষতির বিষয়টিও গুরুত্বের সাথে উঠে আসে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরাসহ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীবৃন্দ, গর্ভবতী মা, গর্ভবতী মায়েদের শ্বশুর-শাশুড়ি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের, বিশেষ করে শ্বশুর-শাশুড়িদের মাতৃস্বাস্থ্যের বিষয়ে সচেতন করার উদ্যোগটি উপস্থিত সবার ব্যাপক প্রশংসা কুড়ায়। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীরা সমাজে এমন সচেতনতা বাড়াতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির ধারাবাহিক আয়োজনের জোর দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : আতঙ্কিত না হয়ে সন্দেহভাজনদের তথ্য বিজিবিকে দিন: ইউএনও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন