ঢাকার সাভারে পৌর ছাত্রদলের সহ -সাধারণ সম্পাদক হোসেন রনি ওরফে রনি ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিয়া মনিকে (২১) হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা পলাতক রয়েছে ।
আজ সোমবার দুপুরে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
রিয়া মনি পৌর এলাকার আব্দুর রবের মেয়ে । স্বামীর সঙ্গে তিনি সয়াবিথীর তৌহিদুল রহমানের বাসায় থাকতেন ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়া মনি গত শনিবার রাতে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন । গত রোববার রাতে হোসেন রনি ওরফে রনি ইসলাম তার স্ত্রীকে নিয়ে ছায়াবিথীর বাসায় ফেরেন । আজ সোমবার দুপুরে ওই বাসায় তালাবদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের আগে হোসেন রনি ওরফে রনি ইসলাম তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে তার (রনি) মাকে ফোন করে জানান । এর পরই পুলিশ ঘটনাস্থলে যায়।হত্যার ঘটনায় রিয়া মনির মামা সাদ্দাম হোসেন বাদি হয়ে আজ রাতে সাভার থানায় মামলা দায়ের করেছেন । মামলায় তিনি হোসেন রনি বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন।
মামলা সুত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে হোসেন রনি ১ বছর ৬ মাস পূর্বে রিয়া মনিকে বিয়ে করেন। তার পর থেকেই পারিবারিক কলহ চলছিলো।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, হোসেন রনি তাঁর স্রী আত্মহত্যা করেছেন বলে তার মাকে ফোনে জানিয়েছেন। কিন্তু আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি । তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘরের তালা ভেঙে বিছানার উপর থেকে রিয়া মনির লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, গতকালই সাভার পৌর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সহ -সাধারণ সম্পাদক রনি ইসলাম। আমরা যেটা জানতে পেরেছি সেটা পারিবারিক ইস্যু। স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এটা পুলিশ কেইস। আমরা সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেব। তাকে বহিষ্কার করা হবে।
পড়ুন : জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব আদনান বহিষ্কার, ভারপ্রাপ্ত দায়িত্বে শরিফুল


