চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফুল আজম সিয়াম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় নির্মাণকাজে বাধা দিতে গেলে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আশিকুল ইসলাম নামে এক ব্যক্তি।
শনিবার (১৪ নভেম্বর) পটিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে এসব অভিযোগ করেন আশিকুল ইসলাম (৩৩)। তিনি উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, হরিণখাইন এলাকায় আরএস ৭৩৮ ও বিএস ৯৭৬ নম্বর দাগের ১ দশমিক ৫৫ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় আশিকুল ইসলামের বাবা ও ফুফু বাদী হয়ে ২০২৩ সালে পটিয়ার সিনিয়র সিভিল জজ প্রথম আদালতে ৮৫/২০২৩ নম্বর মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ নভেম্বর আদালত উভয় পক্ষকে আগামী ১১ মার্চ ২০২৭ পর্যন্ত নিজ নিজ অবস্থানে থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে ওই আদেশ অমান্য করে শনিবার সকালে প্রতিপক্ষরা বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ শুরু করেন। এতে বাধা দিতে গেলে আশিকুলকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আশরাফুল আজম সিয়াম বলেন, ‘তাদের খরিদ করা জায়গায় তারা নির্মাণকাজ করছেন। প্রতিপক্ষ জোরজবরদস্তি করে কাজ বন্ধ করতে চাইছে।’
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।
পড়ুন : সুন্দরবনের কার্বনেই খুলতে পারে বাংলাদেশের বৈদেশিক আয়ের নতুন দুয়ার


