বিজ্ঞাপন

আইসল্যান্ড ম্যাচে ফিরছেন মেসি, একাদশে আসছে আরও পরিবর্তন

বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে আর্জেন্টিনা। যেখানে দলের প্রধান তারকা লিওনেল মেসিকে শুরু থেকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে তিনি ফিট হয়ে উঠলেও এখনই ঝুঁকি নিতে চাননি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। অবশেষে তিনি মেসির মাঠে ফেরার নিশ্চয়তা দিয়েছেন।

আগামীকাল (বুধবার) সকাল ৭টায় আলবামার জর্ডান-হারে স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিতে বিশ্বচ্যাম্পিয়নদের একাদশ কেমন হবে তার আভাস মিলেছে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের পর স্কালোনি পরিচালিত অনুশীলনে। আর তিনি স্পষ্ট বলেছেন– আসন্ন ম্যাচে খেলবেন লিওনেল মেসি। তবে এমিলিয়ানো মার্টিনেজের মাঠে ফেরার নিশ্চয়তা এখনও মেলেনি। ফলে আইসল্যান্ড ম্যাচে শুরুর একাদশে থাকতে পারেন জেরোনিমো রুলি।

এর আগে হন্ডুরাসের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে শুরু করেছিলেন গোলরক্ষক হুয়ান মুসো। ৮১ মিনিটে তাকে উঠিয়ে বদলি নামানো হয় আরেক বিকল্প সান্তিয়াগো বেলত্রানকে। যদিও তাদের চেয়ে মার্টিনেজের বিকল্প হিসেবে রুলি কিছুটা এগিয়ে থাকেন। বিশ্বকাপজয়ী গোলরক্ষক দিবু এখনও আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। এখনও গ্লাভস ছাড়াই তাকে অনুশীলন করতে দেখা যাচ্ছে।

এদিকে, ইন্টার মায়ামি থেকে ইনজুরি নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া মেসি পুরোপুরি অস্বস্তি কাটিয়ে উঠেছেন আগেই। যদিও হন্ডুরাস ম্যাচে তিনি বেঞ্চে বসে কাটিয়েছেন। আইসল্যান্ডের বিপক্ষে তার ফেরার কথা জানিয়ে স্কালোনি বলছেন, ‘(এই ম্যাচে) মেসি খেলতে যাচ্ছে। আমি জানি না কত মিনিট খেলতে পারবে, তার সঙ্গে আমার কথা বলতে হবে এবং আমাদের দেখতে হবে কতটা সময় খেলাটা তার জন্য ঝুঁকিমুক্ত হবে।’

আগের ম্যাচে নিকোলাস তালিয়াফিকোর ক্লান্তি ছিল স্পষ্ট, ফলে তাকে এই ম্যাচে শুরুতে নাও দেখা যেতে পারে। এ ছাড়া লিগামেন্ট ইনজুরি থেকে ফেরা ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি প্রথম একাদশে থাকতে পারেন ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজরা। গত ম্যাচে তারা বদলি নেমেছিলেন। হন্ডুরাসে বিপক্ষে গোল পাওয়া লাউতারো মার্টিনেজের জায়গায় বাড়তি সময় পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেজ।

তবে হুলিয়ান আলভারেজ, লিয়েন্দ্রো পারেদেসদের একাদশে ফেরার অপেক্ষাটা বাড়ছে। পুরোপুরি চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচের চাপ সামলানোর প্রস্তুতি চলছে তাদের। এ ছাড়া সম্প্রতি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার বালের্দির বিকল্প ঘোষণা করেননি স্কালোনি। আইসল্যান্ড ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স এবং কোনো কমতি দেখলে সে অনুসারে সিদ্ধান্ত বা বিকল্ড ডাকা হতে পারে বলে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন।

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

জেরোনিমো রুলি; নিকোলাস কাপালদো/অগাস্টিন গিয়ে, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এজাকুয়েল প্যালাসিওস; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেজ

বিজ্ঞাপন

পড়ুন : রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন