টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামে এক নারীর বাড়িতে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বিএনপির এক নেতা। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামের সাবিনা আক্তারের বাড়িতে যান ইউনিয়ন বিএনপির নেতা সফিক সিকদার। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাড়িটি ঘিরে ফেলেন। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে উপস্থিত হন।
স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরে সফিক সিকদার ও সাবিনা আক্তারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সোমবার রাতে সফিক ওই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং উভয় পক্ষের সম্মতিতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, উভয় পক্ষের সম্মতিতে পাঁচ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, নারী-পুরুষ আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়ভাবে সমঝোতার প্রক্রিয়া শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধান্তের পর রাতেই দুজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবি, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
পড়ুন- ইরানের পর ‘হামলা বন্ধ করার’ ঘোষণা দিয়েছে ইসরায়েলও
দেখুন- ইসলামী ব্যাংক ইস্যুতে আজও চলছে ‘গ্রাহকদের’ আন্দোলন, যোগ দিলেন নারীরাও


