২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূল লড়াইয়ে মাঠে নামার আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সময় বুধবার (১০ জুন) সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। যুক্তরাষ্ট্রের আলাবামার অবার্ন শহরের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তাই মূল আসরের আগে নিজেদের ছন্দ ও পরিকল্পনা ঝালিয়ে নেয়ার সুযোগ হিসেবে ম্যাচটিকে দেখছেন কোচ লিওনেল স্কালোনি।
আইসল্যান্ড যদিও ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, তবু দলটি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে। কোচ আরনার গুন্নলাউগসনের অধীনে দলটি রক্ষণভিত্তিক ফুটবল ও দ্রুত পাল্টা আক্রমণের কৌশলে খেলছে। যার ফলে দুই দলের ম্যাচটি হাইভোল্টেজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও আইসল্যান্ড। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড নিজেদের অভিষেক ম্যাচেই আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের পাশাপাশি বর্তমান ফর্ম অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে।
এদিকে, আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন ও ইএসপিএন ডিপোর্তেস। এছাড়া ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ ও ভিক্স প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখা যাবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

