সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাকে আরও সহনীয় করতে ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবের কথা জানান।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু কৃষিপণ্য ও ভোগ্যপণ্যের ওপর বিদ্যমান উৎসে করের হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ৫ শতাংশ, ২ শতাংশ এবং ১ শতাংশ হারে আরোপিত উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হবে।
এই সুবিধার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ মোট ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য।
অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে। নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
পড়ুন: বাজেটে দাম বাড়ছে সিগারেটের
আর/


