ফেত দ্য লা মিউজিক ২০২৬ উদ্যাপন উপলক্ষে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা চারদিনব্যাপী সঙ্গীত আয়োজনের উদ্যোগ নিয়েছে। এটি অ্যালিয়ঁস ফ্রঁসেজের সম্মানিত সাংস্কৃতিক ও শিল্প-সহযোগী প্রতিষ্ঠানগুলোর যৌথ সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। ১০ থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবে বাংলাদেশ, ব্রাজিল, ফিনল্যান্ড ও ফ্রান্সের শিল্পীরা অংশগ্রহণ করছেন।
সাংস্কৃতিক বিনিময় ও সৃজনশীল অনুসন্ধানের চেতনাকে কেন্দ্র করে এবারের আয়োজন ছন্দ, সুর ও আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার বহুমাত্রিক সম্ভাবনাকে তুলে ধরছে। কর্মশালা, লাইভ পারফরম্যান্স এবং সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে দর্শক-শ্রোতারা ইলেকট্রনিক সঙ্গীত, পারকাশনভিত্তিক পরিবেশনা, বোসা নোভা এবং সমসাময়িক বৈশ্বিক সঙ্গীতধারার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করছে।
উৎসবের সূচনা হয়েছে ১০ জুন বাটারনোট– আ জ্যাজ ক্যাফে-তে ফরাসি সঙ্গীতশিল্পী ও পারকাশনবাদক সুভাষসুভাষ ধুনুচন্দ পরিচালিত একটি ইলেকট্রনিক মিউজিক কর্মশালা দিয়ে। কর্মশালায় অংশগ্রহণকারীরা ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজনা, রিদম প্রোগ্রামিং, তাৎক্ষণিক সৃজনশীলতা (ইম্প্রোভাইজেশন) এবং সমসাময়িক সঙ্গীতচর্চার নতুন নতুন পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণের জন্য পূর্ব নিবন্ধন আবশ্যক ছিল।
১১ জুন দর্শকরা উপভোগ করতে পারছেন “বসা ও সোলেই কুশঁ”, যেখানে পরিবেশন করবেন মিরভা তুলিয়া (ফিনল্যান্ড), আকিলা লিমা (ব্রাজিল), ইমরান আহমেদ, তৌফিক আরিফিন এবং তানভীর হক (বাংলাদেশ)। এই কনসার্ট বোসা নোভার মনোমুগ্ধকর সুর ও ছন্দের মাধ্যমে সাংস্কৃতিক সংলাপের এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছে।
একই দিনের সন্ধ্যায় গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশে অনুষ্ঠিত হবে “তবলাট্রনিক”, সুভাষ সুভাষ ধুনুচন্দর একটি অভিনব লাইভ পারফরম্যান্স। তবলা, পারকাশন এবং ইলেকট্রনিক প্রোগ্রামিংয়ের সমন্বয়ে এই পরিবেশনা ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে সমসাময়িক সঙ্গীতের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবলাট্রনিকে অংশগ্রহণের জন্যও পূর্ব নিবন্ধন আবশ্যক ছিল।
১২ জুন আয়োজন শুরু হবে “অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গীত উদ্যাপন” অনুষ্ঠানের মাধ্যমে। এতে পিয়ানো ও গিটার কর্মশালার শিক্ষার্থীরা পরিবেশন করবেন তাদের সারা বছরের অনুশীলনের ফলাফল, পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দও সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানটি অ্যালিয়ঁস ফ্রঁসেজ সম্প্রদায়ের সৃজনশীলতা, নিষ্ঠা ও শিল্পচর্চার বিকাশকে তুলে ধরবে এবং জনপ্রিয় ফরাসি গানের পরিবেশনার মাধ্যমে ফ্রাঙ্কোফোন সঙ্গীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাবে।
বিকেলের এই আয়োজনে বিশেষ পরিবেশনায় থাকবে দ্য সোসাইটি, একটি নবগঠিত ব্যান্ড, যার সদস্যরা বিভিন্ন সঙ্গীতধারা ও ভাষাগত পটভূমি থেকে একত্রিত হয়েছেন। জ্যাজ প্রভাবিত এই দলটি ফরাসিসহ বিভিন্ন ভাষার গান পরিবেশনের মাধ্যমে ঢাকার সমসাময়িক সঙ্গীতাঙ্গনে এক নতুন মাত্রা যোগ করবে।
একই সন্ধ্যায় প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীতশিল্পী তপেশ চক্রবর্তী ক্যাফে লা ভেরান্দায় লাইভ পরিবেশনা করবেন। তাঁর সুর ও গানের মাধ্যমে দর্শকরা উপভোগ করবেন এক অন্তরঙ্গ ও হৃদয়স্পর্শী সঙ্গীতানুষ্ঠান।
১৩ জুন বিকেল ও সন্ধ্যা জুড়ে অনুষ্ঠিত হবে বৈচিত্র্যময় সঙ্গীত ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের এক বিশেষ আয়োজন। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন ঘরানার শিল্পীরা। পাশাপাশি পরিবেশনা করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (BAFA)-এর শিক্ষার্থীরা এবং সাবকন্টিনেন্টাল ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্কশপ-এর অংশগ্রহণকারীরা, যা সমসাময়িক ও শাস্ত্রীয় সঙ্গীতচর্চার সমৃদ্ধ ধারাকে তুলে ধরবে।
দিনের শেষ আয়োজন হিসেবে মঞ্চস্থ হবে “বাংলা ব্রাজিল: দ্য সাউন্ড অব দ্য ইউনিভার্স”, যেখানে ব্রাজিলের আকিলা লিমা এবং বাংলাদেশের মিঠুন চক্র এক অনন্য পারকাশন পরিবেশনায় অংশ নেবেন। বাংলাদেশ ও ব্রাজিলের ছন্দ-ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই পরিবেশনা সঙ্গীতের সার্বজনীন ভাষা এবং সাংস্কৃতিক বিনিময়ের সৃজনশীল সম্ভাবনাকে উদ্যাপন করবে।
১৯৮২ সালে ফ্রান্সে যাত্রা শুরু করা ফেত দ্য লা মিউজিক আজ বিশ্বের ১২০টিরও বেশি দেশে উদ্যাপিত একটি আন্তর্জাতিক সঙ্গীত উৎসব। এটি সঙ্গীতকে মানুষের মধ্যে সংযোগ, আত্মপ্রকাশ এবং সাংস্কৃতিক সংলাপের এক সার্বজনীন মাধ্যম হিসেবে তুলে ধরে। এই বৈচিত্র্যময় আয়োজনের মাধ্যমে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা পুনরায় আন্তঃসাংস্কৃতিক বিনিময় ও সবার জন্য শিল্প-সংস্কৃতির সুযোগ উন্মুক্ত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
অধিকাংশ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে। তবে ১০ জুনের ইলেকট্রনিক মিউজিক কর্মশালা এবং ১১ জুনের তবলাট্রনিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পূর্ব নিবন্ধন আবশ্যক।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

