সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে প্রস্তাবিত রায়পুর রেল জংশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিরাজগঞ্জ।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় শহরের বাজার স্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রায়পুরে রেল জংশন স্থাপন করা হলে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে এবং যাত্রীদের যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাই জনস্বার্থ বিবেচনায় দ্রুত রায়পুর রেল জংশন বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
কর্মসূচি শেষে রায়পুর রেল জংশন বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পড়ুন- হাইকোর্টে দ্রুত শুনানির তালিকায় আছিয়া-নুসরাতের মামলা


