কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশী মদসহ আরজু মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহ্যবাহী শোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শোলাকিয়া সাহেব বাড়ির মোড়ের ওই বাসায় হানা দেয়। এ সময় ঘর তল্লাশি করে ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে আরজু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরজু মিয়া ওই এলাকার আঃ মান্নাফের ছেলে।
অভিযানের বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যুবসমাজকে রক্ষায় এবং জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।
পড়ুন- খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলিবর্ষণ, ২ মুসল্লি বিদ্ধ


