লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার ঘটনায় এক আইনজীবীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আহত আইনজীবী সাইফুল সাদেক বাবু বাদী হয়ে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোমবার বিকেলে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁয় হামলাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। তিনি পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এসময় তার ছেলে মিনহাজ ও আবরারুল হক মাহিন উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তোফাজ্জল হোসেনের সঙ্গে প্রতিবেশী মনির হোসেনদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৩ জুন সকালে তোফাজ্জলের নির্মাণাধীন ভবন দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ। এতে বাধা দিলে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায়।
এসময় স্থানীয় আইনজীবী সাইফুল সাদেক বাবু ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকেও মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে উত্তর তেমুহনী এলাকায় আবারও হামলার শিকার হন তারা।
মামলার অন্য আসামিরা হলেন মনির হোসেন, তার ছেলে এপার হোসেন, শরীফ হোসেন, স্বজন হাসানসহ অজ্ঞাতনামা আরও ১২ জন।
সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তারপরও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাকিব হোসেনের নেতৃত্বে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এখনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেন দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এরপরও তাকে একটি মামলায় আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তবে তারা আত্মগোপনে থাকায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
পড়ুন : সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বৃদ্ধকে ফিরিয়ে নিল বিএসএফ


