মাঠের সফলতার পাশাপাশি এবার বিনোদন জগতেও নিজের পরিধি বাড়াচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি নিশ্চিত করেছেন যে, তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়ে গেছে।
ফুটবলভিত্তিক এই ড্রামা সিরিজটি নির্মাণে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে জুটি বেঁধেছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদো। দুজনে মিলে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’। আলোচিত এই সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই মহাতারকা। এছাড়া সিরিজটিতে নিজের চরিত্রেই অভিনয় করবেন তিনি। পাশাপাশি এতে অভিনয় করবেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি, ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইস এবং র্যাপার ডেভ।
ইনস্টাগ্রামে নিজ অ্যাকাউন্টে সিরিজটির কিছু ছবি শেয়ার করে রোনালদো লিখেছেন, “রোমাঞ্চকর খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ সবে শুরু হলো। সামনে আরও চমক আসছে!”
পর্তুগালের সংবাদমাধ্যম ‘এ বোয়া’র তথ্য অনুযায়ী, প্যারামাউন্ট প্লাস এই সিরিজটি নির্মাণের অনুমোদন দিয়েছে। প্রযোজনা সংস্থা স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রথম সারির বড় প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেডলাইন’ জানিয়েছে, ১০ পর্বের এই সিরিজটির মূল গল্প গড়ে উঠেছে এক প্রতিভাবান ফুটবলারকে কেন্দ্র করে, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন বাস্তবায়ন করেন। গল্পে কেন্দ্রীয় এই চরিত্রটিকে খ্যাতি, অর্থ ও সাফল্যের পরও তাঁর দীর্ঘদিনের বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকতে দেখা যাবে।
সিরিজটির মূল ভাবনা এসেছে প্রযোজক ড্যারেন ডেইনের কাছ থেকে। এর প্রথম পর্ব পরিচালনা করবেন ম্যাথু ভন এবং প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্বে থাকছেন ‘বোরাত’খ্যাত বাফটাজয়ী নির্মাতা ড্যান মেজার।
রোনালদোর সঙ্গে এই যৌথ উদ্যোগ নিয়ে নির্মাতা ম্যাথু ভন বলেন, “ক্রিস্টিয়ানো ও আমার নতুন প্রতিষ্ঠান শুরু করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত প্রকল্প। তাঁকে বন্ধু ও অংশীদার হিসেবে পরিচয় দিতে পারাটা সত্যিই সম্মানের। আমি নিশ্চিত, ফুটবলের সব রেকর্ড ভেঙে দেওয়া এই মানুষটি শিগগিরই চলচ্চিত্র ও টেলিভিশনের জগতেও একই কীর্তি গড়বেন।”
নিজের এই নতুন যাত্রা সম্পর্কে আল নাসর তারকা রোনালদো বলেন, “আমার পুরো জীবনটাই ফুটবলের। আমি জানি, মাঠের বাইরেও অসাধারণ কিছু গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে খেলাটির ভিন্ন এক দিক পর্দায় তুলে ধরতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস, এই গল্প ফুটবলপ্রেমীদের গণ্ডি পেরিয়ে সব শ্রেণির দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আমার অংশীদার ও বন্ধু ম্যাথু ভনের সঙ্গে বিনোদনজগতে এই প্রথম পথচলা এবং থিয়েরি অঁরির মতো অসাধারণ একজন সাবেক খেলোয়াড় ও ভালো মানুষকে পাশে পাওয়াটা পুরো বিষয়কে আরও বিশেষ করে তুলেছে।”
পড়ুন : সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার : তথ্যমন্ত্রী
সা/


