ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যান।
সোমবার বিকালে আখাউড়া থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর আশ্রয়ণ প্রকল্প-২ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি হলেন আমীর হোসেন (৫০)। তিনি মৃত নূর ইসলামের ছেলে। তাঁর বাড়ি আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর আশ্রয়ণ প্রকল্প-২ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজাপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমীর হোসেনের কাছ থেকে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পড়ুন : শশুরবাড়িতে বেড়াতে এসে ২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


