বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টানা বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে পৌরসভার বিশ্বাসপাড়া, হরিণহাটি, কালামপুর, দিঘিরপাড়, আদর্শপাড়া, ডাইনকিনী ও হরতকীতলা এলাকায় রাস্তাঘাট, অলিগলি এবং বহু বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। একই সঙ্গে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলগুলোতে পানি জমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক বাড়ির আঙিনা ও ঘরের ভেতরে পানি প্রবেশ করায় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অন্যদিকে মহাসড়কের পাশে ও কিছু অংশে পানি জমে থাকায় যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, “সকালে কারখানায় কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। এখন ঘরের জিনিসপত্র রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে।”

আব্দুল করিম নামের এক বাসিন্দা বলেন, “সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি দ্রুত নামতে পারে না। ফলে রাস্তাঘাট ডুবে যায় এবং মানুষের চলাচল ব্যাহত হয়।”

গৃহবধূ সালমা আক্তার বলেন, “বাড়ির উঠান থেকে চারপাশ পানিতে তলিয়ে গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে আমরা চরম সমস্যার মধ্যে রয়েছি। স্থায়ী সমাধান প্রয়োজন।”

সড়ক ব্যবহারকারীরা জানান, মহাসড়কে পানি জমে থাকায় মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক স্থানে ধীরগতিতে যান চলাচল করায় যানজটেরও সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার মুখোমুখি হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সংকটই এ সমস্যার প্রধান কারণ বলে মনে করছেন তারা।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “জলাবদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন- মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান, যান চলাচলে বিঘ্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন