৫৩ বছর পর নিউইয়র্ক নিকসের এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করতে গিয়ে বিশৃঙ্খলায় রূপ নেয় উল্লাস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কয়ার এলাকায় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টাইমস স্কয়ারের ৪২তম স্ট্রিট ও ব্রডওয়ে সংলগ্ন এলাকায় পরপর অন্তত সাতটি গুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় তাকে পুলিশ গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পাশাপাশি চারজন ছুরিকাহত হয়েছেন। আরেকটি ভিডিওতে একজন ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে একটি লোডেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে দেখা যায়।
উদযাপনের একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা চালায়, জানালার কাচ ভাঙচুর করে এবং পাঁচটি স্কুলবাস ও পাঁচটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলের দর্শক পরিবহনের জন্য ব্যবহৃত কয়েকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন পুলিশ সদস্য।
১৯৭৩ সালের পর প্রথমবারের মতো এনবিএ শিরোপা জয়ের আনন্দে নিউইয়র্কজুড়ে উৎসব শুরু হলেও তা শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আগামী বৃহস্পতিবার বিজয় শোভাযাত্রাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

