আবারও মেসি মোমেন্ট! ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।
এটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে একটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গঞ্জালো মান্তিয়েলের জায়গায় মাঠে নামান নাহুয়েল মলিনাকে। এরপর দলে আরও দুটি পরিবর্তন আনলেন স্কালোনি। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। একই সময়ে থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।
আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।
তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।


