ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে পৌর শহরের খমড়পুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিজয়নগরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
স্বজনেরা জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে কাশেম মিয়া লাশ দেখতে ও জানাজায় অংশ নিতে বিজয়নগর উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর প্রাণহানি ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : বৈদ্যুতিক গাড়ি তৈরি করে নজর কাড়লেন সিরাজগঞ্জের কলেজ শিক্ষক


