বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে। একই সঙ্গে স্মার্ট ঘড়ির জন্য প্রকাশ করা হয়েছে ওয়্যার ওএস ৭। নতুন এই সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে আরও শক্তিশালী করে ব্যবহারকারীদের জন্য নানা নতুন সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। প্রথম পর্যায়ে গুগলের নিজস্ব পিক্সেল সিরিজের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৭ ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ১৭-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো উন্নত জেমিনি এআই প্রযুক্তি। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা গান তৈরি, ভিডিও সম্পাদনা এবং বিভিন্ন ভাষার তাৎক্ষণিক অনুবাদের মতো সুবিধা পাবেন। গুগল জানিয়েছে, তাদের নতুন ‘জেমিনি ওমনি’ প্রযুক্তি ব্যবহার করে শুধু কথোপকথনের মাধ্যমেই ভিডিও সম্পাদনা করা সম্ভব হবে। ফলে জটিল সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন ছাড়াই সহজে ভিডিও সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়া ‘লিরিয়া ৩’ নামের নতুন এআই মডেল যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে লেখা বা ছবি ব্যবহার করে নতুন গান তৈরি করা যাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
অ্যান্ড্রয়েড ১৭-এ ফাইল আদান-প্রদানের ব্যবস্থাতেও বড় পরিবর্তন এসেছে। গুগলের কুইক শেয়ার সুবিধা এখন পুরোনো পিক্সেল ৮এ ও পিক্সেল ৯এ ফোনে অ্যাপলের এয়ারড্রপের সঙ্গে কাজ করবে। ফলে বিভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদান আরও সহজ হবে।
নতুন সংস্করণে ‘বাবল বার’ নামে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক অ্যাপ পরিচালনা করতে পারবেন। পাশাপাশি ফোনের ক্যামেরা ও পর্দা একই সঙ্গে ধারণ করার সুবিধা যোগ হয়েছে। এতে ব্যবহারকারীরা নিজেদের প্রতিক্রিয়াসহ ভিডিও তৈরি করতে পারবেন, যা কনটেন্ট নির্মাতাদের জন্য বিশেষভাবে উপকারী হবে।
নিরাপত্তা ব্যবস্থাও আরও উন্নত করেছে গুগল। নতুন আপডেটে হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করার সুবিধা, সরাসরি হুমকি শনাক্তকরণ প্রযুক্তি এবং অভিভাবকদের জন্য উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়া ভাঁজযোগ্য স্মার্টফোনের জন্য বিশেষ গেমিং মোড যুক্ত করা হয়েছে, যা গেমারদের নতুন অভিজ্ঞতা দেবে।
অন্যদিকে স্মার্ট ঘড়ির জন্য আনা ওয়্যার ওএস ৭-এ আরও বেশি জেমিনি এআই সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা শুধু নির্দেশনা দিয়েই ব্যক্তিগত উইজেট তৈরি করতে পারবেন। গুগলের দাবি, নতুন ওয়্যার ওএস সংস্করণে ব্যাটারির কার্যক্ষমতা প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।অ্যান্ড্রয়েড ১৭ এবং ওয়্যার ওএস ৭-এর মাধ্যমে মোবাইল প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে গুগল।
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


