বিজ্ঞাপন

কাতারের জালে হাফ ডজন গোল, দাপুটে জয়ে ইতিহাস কানাডার

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে দারুণ এক প্রদর্শনী উপহার দিয়েছে কানাডা। জোনাথান ডেভিডের হ্যাটট্রিকে একতরফা ম্যাচে প্রতিপক্ষকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করে কানাডা। ১৬তম মিনিটে গোলের খাতা খোলার পর ইনজুরি সময় পর্যন্ত আক্রমণের ধার অব্যাহত রাখে তারা। অন্যদিকে দুই অর্ধে দুটি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হওয়া কাতার ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ডেভিডের তিন গোলের পাশাপাশি কানাডার হয়ে একটি করে গোল করেন কাইল লারিন ও নাথান সালিবা। আরেকটি গোল আসে কাতারের আত্মঘাতী ভুলে। পুরো ম্যাচে ৭৮ শতাংশ বলের দখল ধরে রেখে ৩২টি শট নেয় কানাডা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে কাতার দুটি শট নিলেও একটিও লক্ষ্যভেদ করতে পারেনি।

গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার কারণে টরন্টোতে কানাডার প্রথম ম্যাচে উপস্থিত থাকতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে শুক্রবার দলের প্রথম বিশ্বকাপ জয়ের ম্যাচে তিনি গ্যালারিতে ছিলেন।

ম্যাচের ১৬তম মিনিটে জোনাথান ডেভিডের ভলি শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন কাইল লারিন। ২৯তম মিনিটে ডান পায়ের ভলি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড। এক বছরেরও বেশি সময় পর ওপেন প্লে থেকে এটি ছিল তার প্রথম গোল।

৩৩তম মিনিটে তেজন বুকানানকে বক্সের কাছাকাছি ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন কাতারের হোমাম আহমেদ। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রসবারে লেগে ফিরে আসা বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ডেভিড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইসমায়েল কোনেয়ের ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখেন আসিম মাদিবো। এতে ৯ জনের দলে পরিণত হয় কাতার। গুরুতর চোট পেয়ে কোনেয়েকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

তার বদলি হিসেবে নামা নাথান সালিবা ৬৪তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন। গোল উদযাপনের সময় তিনি কোনেয়ের ৮ নম্বর জার্সি উঁচিয়ে ধরেন।

৭৫তম মিনিটে মোহাম্মদ মানাই আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এরপর অতিরিক্ত সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। এর মাধ্যমে চলতি বিশ্বকাপে এক ম্যাচে তিন গোল করা ফুটবলারদের তালিকায় নিজের নাম যুক্ত করেন তিনি।

পড়ুন: প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন