ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব ধরনের সামুদ্রিক যান চলাচলের ওপর আর কোনো অবরোধ নেই বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী এখন থেকে আরব উপসাগর (পারস্য উপসাগর) ও ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচলে আর কোনো বাধা দেবে না।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে অবস্থান অব্যাহত রাখবে।
তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান তাদের আচরণে মৌলিক পরিবর্তন না আনা পর্যন্ত দেশটিকে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রাখা হবে। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে সব পক্ষকেই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান তার মর্যাদা ক্ষুণ্ন করেনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, চুক্তির শর্ত পূরণ না হলে ইরানের ওপর আবারও কঠোর অবরোধ আরোপ করা হতে পারে।
এর আগে বিভিন্ন সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়, একাধিক ইরানি তেলবাহী ট্যাংকার মার্কিন নৌবাহিনীর কথিত অবরোধ এলাকা অতিক্রম করে নিরাপদে চলাচল করেছে। সর্বশেষ ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানাল যে ইরানি বন্দরগামী বা সেখান থেকে আসা বাণিজ্যিক জাহাজ চলাচলে আর কোনো বাধা থাকবে না।
পড়ুন: স্বর্ণের বাজারে বড় ধস, কেন এই দরপতন?
আর/


