দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। গত ১৮ ও ১৯ জুন (২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মীর শহিদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে বড় ডাঙ্গাপাড়া (উত্তর পাড়া) এলাকার মৃত হাসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় ২০ নং মামলা (তারিখ: ১৮/০৬/২৬ খ্রি.) দায়ের করা হয়েছে।
এদিকে, একই এলাকার বড় ডাঙ্গাপাড়া থেকে মাদক সেবনের দায়ে শাকিল (২৮), নাসির (২৮) ও মোহন (২০) নামের তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—বড় ডাঙ্গাপাড়া এলাকার মোঃ বেলালের ছেলে শাকিল, মোঃ তকলিম উদ্দিনের ছেলে নাসির এবং মোঃ সাখায়াত হোসেনের ছেলে মোহন।
পৃথক আরেকটি অভিযানে হাকিমপুর ডিগ্রী কলেজের পিছন থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় থানায় ২১ নং মামলা (তারিখ: ১৯/০৬/২৬ খ্রি.) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—হাকিমপুর উপজেলার সিপি রোড ধরন্দা (২নং ওয়ার্ড) এলাকার মৃত গিয়াস উদ্দিন শেখের ছেলে মোঃ অন্তর রাজা (২৮) এবং ধরন্দা ফকির পাড়া এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ কোরবান হোসেন ওরফে হৃদয়।
এছাড়া পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন—
১. কুড়িগ্রামের ভূরঙ্গামারী থানার একটি মাদক মামলার (জিআর নং- ৯০/২৫) ওয়ারেন্টভুক্ত আসামি দক্ষিণ বাসুদেবপুর (জিলাপি পট্টি) এলাকার মৃত ছাবের প্রমানিকের ছেলে মোঃ সালাম প্রমানিক (৪৪)।
২. বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-বি এর ১(বি) ধারার পরোয়ানাভুক্ত (জিআর নং- ১৭৭/১৫) আসামি মধ্য বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার মৃত হারুন হাসান বাবুর ছেলে মোঃ মোনারুল হাসান শান্ত (২৯)।
৩. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপর একটি মামলার (জিআর নং- ১৮/২৫, হাকিমপুর) পরোয়ানাভুক্ত আসামি নয়ানগর এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩০)।
হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ দিনাজপুর আদালত এবং দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


