যশোরে বিজিবির অভিযানে প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ ( ৩১ পিস স্বর্ণের বার) ও একটি প্রাইভেট কারসহ ২ জনকে আটক করা হয়েছে।
২০ জুন ( রাত ২টা) রাতে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি যশোর ব্যাটালিয়নের এক নম্বর ফটকে সামনে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বার ও প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইলের নড়াগাতি ইউনিয়নের খাসিআল গ্রামের খন্দকার মাহাবুবুল হক ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আনিস।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত (২০জুন) ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি যশোর ব্যাটালিয়নের এক নম্বর ফটকে সামনে পাকা রাস্তায় একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ২জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণের বার ছাড়াও ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
পড়ুন- ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ একই পরিবারের চার জন নিহত


