ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া উচ্চবিদ্যালয়ে একটি আধুনিক বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) উদ্বোধন করা হয়েছে। রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত এ বিজ্ঞানাগার শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞানাগারটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, “এবারের বাজেটে সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ জন্য সবাইকে আধুনিক জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক বিজ্ঞানাগার প্রতিষ্ঠার ফলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তারা প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নিহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ও সংসদ সদস্য মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহভীন রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশফাক জামিল রহমান তাপস ও তারিক জামিল রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, বিএনপি নেতা আবুল মুনসুর মিশন, নাছির উদ্দিন হাজারী, মো. বিল্লাল খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পড়ুন- ফের কমল স্বর্ণের দাম


