২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর ২য় ম্যাচে আজ রাতে সৌদি আরবের মুখোমুখি হবে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। গত বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ২৫০০টি পাস খেলে বিশ্বকাপে গোল না পাওয়া স্পেন, এই ম্যাচে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে মুখিয়ে থাকবে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করা সৌদি আরব চাইবে স্পেনকে আটকে দিতে।
রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘গ্রিন ফ্যালকনস’দের মুখোমুখি হবে ‘লা রোজা’রা।
লুইস দে লা ফুয়েন্তের দল টুর্নামেন্টের শুরুতেই ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল, কিন্তু তাদের উদ্বোধনী ম্যাচেই বেরিয়ে এসেছে পরিচিত কিছু ভূত। বলের দখল প্রচুর থাকলেও, প্রতিপক্ষের রক্ষণের ব্লক ভাঙার ক্ষেত্রে তাদের মধ্যে ছিল উদ্বেগজনক ঘাটতি। অভাব ছিল সৃজনশীল ও আগ্রাসী ফুটবলের।
তবে, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষদিকে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে নামানোর পর বেশ দারুণভাবে উজ্জীবিত হয়েছিল স্পেনের আক্রমণভাগ।
আরেকটি গোলশূন্য ম্যাচ এড়াতে, দে লা ফুয়েন্তে তার প্রথম একাদশে সেই অতি-প্রয়োজনীয় গতি এবং সরাসরি আক্রমণাত্মক খেলার ধারা ফিরিয়ে আনবেন বলে আশা করছে ফুটবল বিশ্লেষকরা। সৌদি রক্ষণভাগকে শুরুতেই ভেঙে দিতে, প্রথমার্ধেই মাঠে নামানো হতে পারে ইয়ামালকে। আবার, মাঝমাঠে সাবলীল আক্রমণ নিশ্চিত করতে গাভির পরিবর্তে দানি ওলমোর শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।
অন্যদিকে, গ্রিন ফ্যালকনস খ্যাত সৌদি আরব তাদের আন্ডারডগ তকমা পুরোপুরি ঝেড়ে ফেলেছে। ২০২২ সালে, সেবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চমকে দেওয়ার পর, এবার নিজেদের প্রথম ম্যাচে তারা উরুগুয়ের বিপক্ষেও প্রায় একই কীর্তির পুনরাবৃত্তি ঘটিয়েছিল তারা। তবে, কঠিন লড়াইয়ে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
আগের ম্যাচে কেপ ভার্দে যেভাবে স্পেনের ছন্দ নষ্ট করেছিল, তা দেখে সৌদি আরবও একই কৌশল অবলম্বন করবে বলে আশা করছে বিশ্লেষকরা। বলের দখল ছেড়ে দিয়ে, সুশৃঙ্খলভাবে রক্ষণাত্মক হয়ে খেলা এবং স্পেনকে তাদের রক্ষণ ভাঙার সুযোগ করে দেওয়া এবং সুযোগ বুঝে নিজেরা কাউন্টার আক্রমণে যাওয়া। আর নড়বড়ে পরিস্থিতি সামলে ওঠার জন্য অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের ওপর ভরসা করতেই পারে সৌদি আরব। যিনি উরুগুয়ের বিপক্ষে দূর্দান্ত ৯টি সেভ করে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছেন দলকে।
এই গুরুত্বপূর্ণ খেলায় জিততে উভয় কোচই বিশেষ ফর্মেশন নিয়ে মাঠে নামবেন। সেক্ষেত্রে আক্রমণাত্মক ও সাবলীল খেলার ধরন বেছে নিয়ে এই ম্যাচে ৪-৩-৩ ফর্মশনে নামার কথা রয়েছে স্পেনের। অন্যদিকে, সৌদি আরব নিজেদের রক্ষণভাগকে শক্তিশালী করেছে ডিফেন্ডারদের দেয়াল দিয়ে। তাদের মাঠে নামার কথা রয়েছে ৫-৪-১ ফর্মেশনে।
স্পেনের সম্ভাব্য একাদশে থাকছেন যারা
গোলরক্ষক: উনাই সিমন, ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আইমেরিক ল্যাপোর্তে, পাউ কিউবারসি, মার্কোস লরেন্টে, মিডফিল্ডার: রদ্রি, দানি ওলমো, পেদ্রি, ফরোয়ার্ড: ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, লামিন ইয়ামাল
সৌদি আরবের সম্ভাব্য একাদশে থাকছেন যারা
গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস, ডিফেন্ডার: আল-হারবি, আল-আমরি, কাদেশ, আল-তাম্বাক্তি, সৌদ আবদুলহামিদ, মিডফিল্ডার: সালেম আল-দাওসারি, আবদুল্লাহ আল-খাইবারি, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-হামদান, ফরোয়ার্ড: ফিরাশ আল-বুরাইকান
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

