দুপুরের রোদে পুড়ে, হঠাৎ বৃষ্টিতে ভিজে সড়কের ধারে দিন কাটে তাদের। জীবিকার তাগিদে ফুটপাত আর রাস্তার পাশে ছোট্ট দোকান সাজিয়ে বসেন হকারেরা। সেই পথচলার কষ্ট কিছুটা লাঘব করতে তাদের হাতে ছাতা তুলে দিলেন সৌদি প্রবাসী হাজি মো. সালাউদ্দিন ভূঁইয়া।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে ৫০ জন হকারের মধ্যে ছাতা বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, পর্যায়ক্রমে মোট ৩৫০ জন হকারের মধ্যে এসব ছাতা বিতরণ করা হবে।
হাজি মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, জনসেবার দায়বোধ থেকেই এ উদ্যোগ। তিনি বলেন, “আমি নিতে নয়, দিতে এসেছি। সমাজের গরিব ও মেহনতি মানুষকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতার চেষ্টা করছি। সড়কের ধারের হকারদের জন্য আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। সুযোগ পেলে তাদের জন্য স্থায়ী বসার ব্যবস্থা করব।”
ছাতা হাতে পেয়ে স্বস্তির কথা জানান হকারেরা। তাঁদের ভাষ্য, অনেকেরই ছাতা ছিল না, আবার কারও পুরোনো ছাতা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। নতুন ছাতা পাওয়ায় রোদ-বৃষ্টির দুর্ভোগ কিছুটা কমবে।
সড়কের ধারে জীবিকার সংগ্রামে থাকা মানুষদের জন্য এই ছোট্ট উপহার যেন হয়ে উঠেছে এক টুকরো ছায়া, এক চিলতে স্বস্তির আশ্বাস।


