শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখতে জড়ো হন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। খেলা শেষে তারা চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ব্যানার-ফেস্টুন বাইরে ফেলে দেয়।
বাজারের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছু পুরোনো চেয়ার ও ফেস্টুন আংশিক পুড়ে যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নই। তবে বিরোধী পক্ষের কেউ জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। থানায় সাধারণ ডায়েরি করা হবে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, অগ্নিসংযোগের খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন
আর/


