আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উপজেলা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপকেন্দ্রিক সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাই উপজেলা পরিষদে ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত উপজেলা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান স্বপন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ সময় নবগঠিত পর্যবেক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান আতিক, মো. শহীদ মাস্টার, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সোয়েব খান, আব্দুল আলীম, ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদারসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, সদস্য সচিব ও সাংবাদিক রনজিত কুমার পাল, সদস্য বিশ্বজিৎ সরকার ও অসীম কুমার খাঁসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের অঙ্গীকার। সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।
সভায় ধামরাই পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপকেন্দ্রিক পর্যবেক্ষণ ও স্বেচ্ছাসেবক কার্যক্রমের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পড়ুন : বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন


