নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।
আজ মঙ্গলবার স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ওই অনুষ্ঠানের আয়োজন করে। ব্যবস্থাপনায় ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর। সহযোগিতা করে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল “আইনের কঠোর প্রয়োগ নয়, নৈতিক মূল্যবোধই দুর্নীতি প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে।” এতে বিপক্ষদল সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। পক্ষদল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রানার্স-আপ হয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন পক্ষদল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দলের দলনেতা নওশীন সাইয়ারা রাইসা। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। বিচারক হিসেবে ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু মো. শাহনুর রহমান, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং লায়ন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সম্বনিত জেলা কার্যালয়, রংপুর এর উপসহকারী পরিচালক মো. নূর বকস্ বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিজ বানু।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুপ্রকের সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল। পরে অথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন।
পড়ুন : ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে বাঁধা ও হামলার ঘটনায় আহত ২


