বিজ্ঞাপন

সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পাওয়া গেলো চিরকুট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি মসজিদের ভেতর থেকে দীর্ঘদিনের এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজা মিয়া সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত মো. আমির হোসেন (৪৩) প্রায় ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মসজিদের দোতলার একটি কক্ষে একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তিনি যথারীতি আসরের নামাজে ইমামতি করেন। তবে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা মসজিদে এসে দেখতে পান, মসজিদে তালা ঝুলছে এবং ইমামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রথমে ধারণা করা হয়, তিনি হয়তো কোনো ব্যক্তিগত কাজে বাইরে গেছেন। কিন্তু এশার নামাজের সময়ও মসজিদ বন্ধ থাকায় মুসল্লিদের সন্দেহ হয়।

পরে কয়েকজন মুসল্লি মসজিদের দ্বিতীয় তলার জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমাম আমির হোসেনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, সবুজ রঙের একটি কাপড় গলায় পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের নিচে একটি মই পড়ে ছিল। ঘটনাস্থলের পাশের কক্ষ থেকে একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহের বিষয়ে কিছু বক্তব্য উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করায় স্থানীয় মুসল্লিদের কাছে তিনি অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে গভীর শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি প্রকৃতপক্ষে নিহতের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদ্ঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

পড়ুন- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন