বিজ্ঞাপন

মনিপুর স্কুলের ৫ শাখায় প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষককে পদায়ন

রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে প্রতিষ্ঠানটির ৫টি শাখার জন্য শাখা প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কলেজের (শিক্ষা ক্যাডারের) ৫ জন শিক্ষককে প্রেষণে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১ শাখা) উপসচিব মো. আ. কদ্দুসের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি ৫টি শাখার জন্য একজন করে পৃথক শাখা প্রধান হিসেবে স্ব-বেতনে প্রেষণে এই কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন— মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওএসডি কর্মকর্তা এবং হাজারীবাগ সরকারি কলেজের সংযুক্ত সহযোগী অধ্যাপক (বাংলা) মো. আব্দুল হালিম। তাকে মূল বালক ক্যাম্পাসের (মনিপুর ৬০ ফিট রোড) শাখা প্রধান করা হয়েছে। মাউশির ওএসডি এবং কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের ইনসিটু সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) মো. নজরুল ইসলামকে কলেজ ক্যাম্পাসের (রূপনগর আবাসিক এলাকা) দায়িত্ব দেওয়া হয়েছে। মাউশির ওএসডি এবং টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের ইনসিটু সহযোগী অধ্যাপক (ইংরেজি) মোহাম্মদ আক্তার হোসেনকে রূপনগরের শাখা-১ ক্যাম্পাসে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, মাউশির ওএসডি এবং গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইনসিটু সহযোগী অধ্যাপক (রসায়ন) শেখ শাহরীয়ার হাসানকে ইব্রাহিমপুরের শাখা-২ ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) মুহাম্মাদ নুর-এ-আলমকে শেওড়াপাড়ার শাখা-৩ ক্যাম্পাসের শাখা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নতুন শাখা প্রধানদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, পদায়ন পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট শাখার শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

বদলি বা পদায়ন করা এই কর্মকর্তাদের আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম–দুর্নীতি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে নজরদারি ও উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মূল শাখা ছাড়া বাকি পাঁচটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের পাঁচজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। তারা সংশ্লিষ্ট শাখাগুলোর প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন