গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত শাহীন স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় এসইএফ (SEF) ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ২০২৬ সালের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল, গাজীপুর শাখার সম্মানিত পরিচালক মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন স্কুল, সফিপুর শাখার পরিচালক মোঃ ইকবাল হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। পরে শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে বৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চতুর্থ ও পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীদের ল্যাপটপ, ক্রেস্ট ও সনদপত্র, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ট্যাব, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এছাড়া প্রথম থেকে তৃতীয় শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীদের ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীদের ২ হাজার টাকা নগদ অর্থের সঙ্গে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৫০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৩০০ টাকা করে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি বলেন, “একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো সুশিক্ষিত, নৈতিক ও দক্ষ প্রজন্ম। শিক্ষার্থীদের সুপ্ত মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলাবোধ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।”
তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবাইকে অধ্যবসায় ও একাগ্রতার সঙ্গে এগিয়ে যেতে হবে।”
যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “ব্যর্থতা কখনো শেষ নয়। আরও মনোযোগ, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আগামী দিনে সফলতা অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, “শিশুদের সুষম বিকাশের জন্য শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়। খেলাধুলা, সাহিত্যচর্চা, সৃজনশীল কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই পারে আগামী প্রজন্মকে জ্ঞান, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে তুলতে।”
বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, সময়ের যথাযথ মূল্যায়ন এবং সততা ও নৈতিকতার সঙ্গে জীবন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শাহীন স্কুল, সফিপুর শাখার সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, “আজকের মেধা ও পরিশ্রমই আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করবে। তাই নিজেদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


