সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নারী ও শিশু নির্যাতনকারীদের সমাজের শত্রু উল্লেখ করে বলেছেন, অপরাধী যেই হোক না কেন, কোনো ধরনের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি সভ্য না । যে জাতি শিশুদের অধিকার নিয়ে বড় হতে দেয় না সে জাতি ভালো ভবিষ্যৎ প্রজন্ম পাবে না। নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় এ সরকার সোচ্চার।
আজ সকাল ১০ টায় দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্র গর্ববতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু দিনাজপুর নয় সারাদেশে নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে কোন নির্যাতন বা অন্যায়ের শিকার না হয় এ ব্যাপারে আমরা সজাগ।
বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বর্তমান সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো আরও জোরাল ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
পরে মন্ত্রী ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন করেন।
পড়ুন : শিশু জায়হান হত্যার বিচারের দাবিতে পটিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন


