বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাকে পুনরায় বিসিবি সভাপতির দায়িত্ব ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে বুলবুল আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
চিঠির বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে একটি সূত্র জানায়, “হ্যাঁ, তিনি (আমিনুল ইসলাম বুলবুল) বাংলাদেশের জন্য আইসিসির অর্থায়ন স্থগিত করার অনুরোধ করেছেন।”
আইসিসি ইতোমধ্যে বুলবুলের পাঠানো চিঠির বিষয়টি বিসিবিকে অবহিত করেছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমান বোর্ডও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে নিজেদের অবস্থান তুলে ধরে পৃথক একটি চিঠি পাঠিয়েছে।
তবে আইসিসিতে অর্থায়ন বন্ধের অনুরোধের বিষয়টি অস্বীকার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২৫ জুন) এক ভিডিওবার্তায় তিনি বলেন, “আমি দেখলাম খবর হয়েছে যে আমি নাকি আইসিসিকে বাংলাদেশে ফান্ডিং বন্ধ করতে বলেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কখনোই এমন কোনো অনুরোধ করিনি, করবও না। বাংলাদেশের ক্ষতি হয়—এমন কোনো কিছু আমি চাই না।”
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। গত অক্টোবরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
পরবর্তীতে এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটিকে অন্তর্বর্তী সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
পরে ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম ইকবাল চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
পড়ুন: নতুন উচ্চতায় ঢাকা-চীন সম্পর্ক: আলোচনায় তিন দেশের অর্থনৈতিক করিডর
আর/


