নাটোর সদর উপজেলায় একটি পুকুর থেকে কমল কুমার দাস (৩৭) নামে এক রিকশাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে একই এলাকার বাসিন্দা। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, সকালে পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কমল কুমার দাস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


