মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর এলাকায় নালিশি জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সেকেন তালুকদার ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি রোববার (২৮জুন) নিশ্চিত করেন ভুক্তভোগী সেকেন তালুকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের সেকেন তালুকদার দীর্ঘদিন ধরে ক্রয়কৃত সম্পত্তির মালিকানা হিসেবে ভোগদখলে রয়েছেন। ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে গাছপালা নিয়ে। অভিযোগকারী দাবি করেন, আদালতের নির্দেশনা ও থানার পূর্ববর্তী জিডি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ সালাম মাতুব্বর, কিরণ তালুকদার, রাবিয়া বেগম, ইমদাদুল মাতুব্বর, সাবুজ বেগমসহ আরও কয়েকজন জমিতে প্রবেশ করে গাছপালা কেটে ফেলেন। সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৪ জুন সকালে নালিশি জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তদের কয়েকজন লোহার রড নিয়ে অভিযোগকারীকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত তার স্ত্রী সালেহা বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
অভিযোগকারী সেকেন তালুকদার বলেন, “বিচারাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। এতে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এদিকে সংযুক্ত নথিপত্রে দেখা যায়, নালিশি সম্পত্তি নিয়ে পূর্বে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সালাম মাতুব্বর বলেন,তারা আমাদেরকে মারধর করছে আমরা তাদের মারি নাই। জমিও আমরা দখল করি নাই।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সোলায়মান মাহমুদ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


