ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নীহা। চলতি বছরের ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি ছবি পোস্ট দেন। তারপর বিয়ে নিয়ে কৌতূহল শুরু হয় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। ওই সময় বিষয়টি গুঞ্জন বলে একটি নাটকের শুটিংয়ের ছবি দাবি করেছিলেন তিনি। এর মাস-চারেক পর এবার জানালেন, তিনি ‘এঙ্গেইজড’।
সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন নীহা। স্ট্যাটাসে ‘এঙ্গেজড’ উল্লেখ করেছেন। তারপর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে―তাহলে কি বাগদান সম্পন্ন করেছেন নীহা? একইসঙ্গে প্রশ্ন, কাকে বিয়ে করছেন তিনি?
এদিকে শোনা যাচ্ছে, পাকিস্তানের কোনো এক ছেলের সঙ্গে প্রেম রয়েছে অভিনেত্রীর। এমনটাও দাবি করা হয়েছে, কয়েক মাস আগে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন। তখনই তাদের পরিচয় হয়। এমনকি পরবর্তীতে পারিবারিকভাবে গড়ায় ঘটনা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হতে যাচ্ছে তাদের।
কিন্তু তার প্রেমিক পাকিস্তানের নাগরিক, এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে কোনো উত্তর দেননি বলে ছড়িয়েছে কিছু গণমাধ্যমে। এ ব্যাপারে নীহা বলেছেন, এখন আমার পক্ষ থেকে স্পষ্ট করে বলার শুধু এতটুকুই, আমি এখন এঙ্গেইজড।
এছাড়া একটি সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী বলেছেন, আমার এই এঙ্গেইজড হওয়ার বিষয়টি কাউকে খুঁজে বের করার প্রয়োজন হয়নি। আমি এঙ্গেইজড, এটি নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো এক উপযুক্ত সময় গিয়ে কার সঙ্গে এঙ্গেইজড, সেটিও জানানো হবে।
পড়ুন : নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে হৃদয়ছোঁয়া বার্তা নিয়ে জয়া আহসান


