জিম্বাবুয়ের দেওয়া ২৭০ রানের বড় লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও চাপে পড়েছে বাংলাদেশ। দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। এর আগে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংস আরও বড় হতে পারেনি। বাঁহাতি এই স্পিনার ৭ উইকেট শিকার করে স্বাগতিকদের ৪১০ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।
তবে তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দিনের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত ২৩ রান করে ব্লেসিং মুজারাবানির শিকার হন মাহমুদুল হাসান জয়। দুইটি চারে সাজানো তার ইনিংসটি শেষ হলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪১/২।
এরপর দলীয় ৪৬ রানেই আরও একটি ধাক্কা খায় বাংলাদেশ। ১৩ রান করা মুমিনুল হকও মুজারাবানির বলে বিদায় নেন। এতে দ্রুত তিন উইকেট হারিয়ে আরও চাপে পড়ে টাইগাররা।
সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ে তোলেন। চতুর্থ উইকেটে তাদের জুটিতে ৬৫ বলে আসে ৫০ রান, যা বাংলাদেশের ইনিংসে কিছুটা স্থিতি এনে দেয়। তবে তাদের ৬১ রানের জুটি ভেঙে দেন নিউম্যান নিয়ামহুরি। ফুলটস ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান শান্ত। অপরদিকে ক্রিজে থিতু হয়েো ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ৬২ বল খেলে চারটি চারে করলেন ৩৪ রান। ইনিংসে নিজের তৃতীয় শিকার ধরলেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩০ রান। জিম্বাবুয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
পড়ুন : জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, বাংলাদেশ কী করবে দ্বিতীয় ইনিংসে?


