মায়ের শেষ বিদায়ের মুহূর্তে সন্তানের পাশে থাকার আকুতি মেনে নিয়েছে আইন। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বন্দিজীবন থেকে মাত্র পাঁচ ঘণ্টার জন্য মুক্তি মিলল আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উপজেলার নুরপুর গ্রামের শাহআলম খন্দকারের। সেই স্বল্প সময়েই তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন। শেষবারের মতো মাকে বিদায় জানিয়ে বিকেল গড়াতেই আবার ফিরে গেলেন কারাগারের নির্ধারিত জীবনে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদালতের অনুমোদনে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের জানাজা ও দাফন-কাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেন।
পুলিশ সূত্র জানায়, আখাউড়া থানার জিআর-২১০/২৪, মামলা নম্বর-২৫ (তারিখ: ২০ অক্টোবর ২০২৪) মামলায় গ্রেপ্তারের পর শাহ আলম খন্দকার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক ছিলেন। মায়ের মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
প্যারোলের পুরো সময় নিরাপত্তার দায়িত্বে ছিল একটি সশস্ত্র স্কর্ট দল। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স থেকে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ছয়জন কনস্টেবল তাঁর সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। নির্ধারিত সময় শেষে তাঁকে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পড়ুন- জয়পুরহাটে কিশোরী ধর্ষণের দায়ে এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড


