জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতার চোটে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ, যা দলটির জন্য বড় স্বস্তির খবর।
জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে চোট পেয়ে মাঠ ছাড়েন পাকুয়েতা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ত্যাগ করা এই মিডফিল্ডারের পরিবর্তে নামানো হয় তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে। মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, পরীক্ষায় পাকুয়েতার বাঁ উরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে সিবিএফ জানায়, জাতীয় দলের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পাকুয়েতার নিবিড় চিকিৎসা চলছে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়েও উদ্বেগে ছিল ব্রাজিল। এবার পাকুয়েতার চোট কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। উল্লেখযোগ্য বিষয় হলো, নরওয়ে এখন পর্যন্ত কখনোই ব্রাজিলের কাছে হারেনি।
অন্যদিকে, বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে মিশর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন সালাহ। পরে পরীক্ষায় হালকা চোট ধরা পড়ায় নকআউট পর্বে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে মঙ্গলবার দলের অনুশীলনে অংশ নেন এই ফরোয়ার্ড। অনুশীলনের ছবি প্রকাশ করে মিশর ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘রাজা ফিরেছেন।’ যদিও ৩৪ বছর বয়সী সালাহ পুরো অনুশীলন শেষ করেননি, তবু সতীর্থদের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নেওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন কোচিং স্টাফ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন সালাহ। তার নেতৃত্বেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর।
আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। সেই ম্যাচে সালাহ একাদশে ফিরতে পারলে শেষ ষোলোর লড়াইয়ে দলটি বড় শক্তি ফিরে পাবে।
পড়ুন: পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত অনুমোদন
আর/


