ঢাকার ধামরাইয়ে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শাকসবজির বীজ, ফলদ ও বনজ গাছের চারা, সার, জৈব সার, গাছের খুঁটি এবং অন্যান্য কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই-এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
এসময়, গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৭ ধরনের শাকসবজির ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া চলতি খরিপ-২ মৌসুমে ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়।
একই সঙ্গে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১ হাজার ৯৮ জন উপকারভোগীর প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, জৈব সার এবং গাছের খুঁটি বিতরণ করা হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক ও উপকারভোগী উপস্থিত ছিলেন।
পড়ুন:দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, নেত্রকোনায় ৩ দিনব্যাপী কর্মসূচি
দেখুন:যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ? দুই পরাশক্তির সং/ঘাত আসন্ন
ইমি/


