সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে মোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোথাও কোনো বহিষ্কার বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল থেকে কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে উপজেলার ২টি প্রধান পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুতে একযোগে এই পরীক্ষা গ্রহণ শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রগুলোতে সর্বমোট ৭৭৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় সর্বমোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতি ছাড়া প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত আনন্দঘন ও শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
এদিকে, পরীক্ষা শুরু হওয়ার পর গোয়াইনঘাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।
তিনি বিভিন্ন কেন্দ্রের হলরুম ঘুরে দেখেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ইউএনও রতন কুমার অধিকারী সাংবাদিকদের বলেন, উপজেলায় অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে। কেন্দ্র এবং এর আশপাশের ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করাসহ সকল প্রকার কোচিং ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনের পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায়। এ ছাড়া জরুরি প্রয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রগুলোতে বিশেষ তদারকির ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন।
পড়ুন:রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন
দেখুন:ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় স্বাস্থ্য সংকটের আশঙ্কা |
ইমি/


