চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রতিদিনই কোনো না কোনোভাবে পরিবেশ দূষণের ঘটনা ঘটছে। এরই মধ্যে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে জাহাজভাঙা শিল্প থেকে আসা পার্লাইট পাউডার। উন্মুক্তভাবে পরিবহন, খালাস ও সংরক্ষণের কারণে এই সূক্ষ্ম সাদা পাউডার বাতাসে ছড়িয়ে পড়ছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, জাহাজ থেকে পার্লাইট খালাস, সংরক্ষণ ও পরিবহনের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় পাউডার বাতাসে উড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। উপজেলার ভাটিয়ারী, সোনাইছড়ি, কুমিরা, বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের রাস্তার পাশে, খাল-বিল, পুকুর, নদী এবং কৃষিজমিতে এই সাদা পাউডার জমে থাকতে দেখা যাচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, বৃষ্টির সময় এসব পাউডার ধুয়ে খাল-নদী হয়ে সাগরে মিশে যাচ্ছে। আবার শুকনো মৌসুমে বাতাসে উড়ে বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও জলজ পরিবেশও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পার্লাইট পাউডার অত্যন্ত হালকা হওয়ায় এটি সহজেই মানুষের নাক-মুখ দিয়ে শরীরে প্রবেশ করে। এর ফলে অনেকের চোখে জ্বালাপোড়া, কাশি, গলা জ্বালা, শ্বাসকষ্ট ও অ্যালার্জির মতো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই শ্বাসকষ্টে ভোগা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানান তারা।
পরিবেশবিদদের মতে, পার্লাইট একটি আগ্নেয় শিলাজাত খনিজ, যা নির্মাণসামগ্রী, তাপ নিরোধক, কৃষি ও বিভিন্ন শিল্পে বহুল ব্যবহৃত হয়। সাধারণ অবস্থায় এটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হলেও সূক্ষ্ম ধুলা আকারে দীর্ঘ সময় বাতাসে ভাসমান থাকলে শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে অতিরিক্ত পরিমাণে জলাশয়ে জমা হলে জলজ প্রতিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই পার্লাইটের সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনায় পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মত দেন তারা।
এ বিষয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তার নজরে এসেছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পরিবেশের ক্ষতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পার্লাইট পাউডার শরীরে প্রবেশ করলে শ্বাসতন্ত্রসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই যেসব এলাকায় এই পাউডার ছড়িয়ে রয়েছে, সেসব এলাকার মানুষকে মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
শিল্পায়নের সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা না করলে ভবিষ্যতে সীতাকুণ্ডের খাল-বিল, কৃষিজমি, নদী ও উপকূলীয় পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশসচেতন মহল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
পড়ুন : ধারের টাকা চাওয়ায় চাচা চাচির বিরুদ্ধে মানব পাচারের মামলা করল ভাতিজা


