মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া শুক্রবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে জানানো হয়, প্রতিমন্ত্রীর নির্দেশের পর উপজেলা শিক্ষা অফিস ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করে।
তদন্তে দেখা যায়, ১ জুলাই শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত ১৩৩টি ডিমের মধ্যে ২০টি ডিম নিম্নমানের ছিল। বিষয়টি বিদ্যালয়ের গার্ডিয়ান কমিটি ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান “সুশীলন”-এর নজরে আনা হলে এক ঘণ্টার মধ্যে ত্রুটিপূর্ণ ডিমগুলো অপসারণ করে নতুন ও মানসম্মত ডিম সরবরাহ করা হয়। পরে শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার বিতরণ নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাউরুটি (বানরুটি) ভালো ছিল বলে শিক্ষক, দপ্তরি, অভিভাবক এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। স্কুল ফিডিং কর্মসূচিতে মান নিয়ন্ত্রণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সরবরাহকারী প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। গার্ডিয়ান কমিটির সক্রিয় তদারকির কারণেই ত্রুটিপূর্ণ ডিম দ্রুত শনাক্ত করে শিক্ষার্থীদের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইরানের ২ শীর্ষ নেতাকে হত্যার চেষ্টা ইসরায়েলের


